‘ব্যাক টু দ্য ফিউচার’ খ্যাত অভিনেতা জেমস টলকান আর নেই

হলিউডের কিংবদন্তি অভিনেতা জেমস টলকান ৯৪ বছর বয়সে পরলোকগমন করেছেন। ‘ব্যাক টু দ্য ফিউচার’ ও ‘টপ গান’-এর মতো কালজয়ী সিনেমার জনপ্রিয় এই অভিনেতা গত বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সারানাক লেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে হলিউডে দাপটের সঙ্গে অভিনয় করেছেন এই গুণী শিল্পী।
১৯৩১ সালের ২০ জুন মিশিগানের ক্যালুমেটে জন্মগ্রহণ করেন জেমস টলকান। অভিনয় জগতে আসার আগে তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে দায়িত্ব পালন করেন এবং পরে আইওয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। অভিনয়ের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি নিউইয়র্কে বিখ্যাত শিক্ষক স্টেলা অ্যাডলার ও লি স্ট্রাসবার্গের কাছে তালিম নেন। ১৯৬০ সালে ‘নেকেড সিটি’ টেলিভিশন সিরিজ দিয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় এবং সর্বশেষ ২০১৫ সালে ‘বোন টমাহক’ চলচ্চিত্রে তাকে দেখা গেছে।
জেমস টলকান বিশ্বজুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ‘ব্যাক টু দ্য ফিউচার’ ট্রিলজিতে কঠোর মেজাজের প্রিন্সিপাল ‘মিস্টার স্ট্রিকল্যান্ড’ চরিত্রে অভিনয় করে। এছাড়া টম ক্রুজ অভিনীত ‘টপ গান’ সিনেমায় কমান্ডার ‘স্টিঙ্গার’ চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটে আছে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ওয়ার গেমস’, ‘দ্য অ্যামিটিভিল হরর’, ‘অ্যাবডাকশন’ এবং ‘অফ বিট’-এর মতো জনপ্রিয় সব চলচ্চিত্র ও সিরিজ।
ব্যক্তিগত জীবনে জেমস টলকানের স্ত্রী পারমেলি ওয়েলস। ১৯৭১ সালে ‘পিংকভিল’ নাটকে কাজ করার সময় তাদের পরিচয় ও পরে বিয়ে হয়। এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড পাড়ায়। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমসের প্রতি শ্রদ্ধা জানাতে ভক্তরা যেন কোনো ফুল না পাঠিয়ে স্থানীয় প্রাণী আশ্রয়কেন্দ্র বা প্রাণী সুরক্ষা সংস্থায় অনুদান প্রদান করেন।

















