বোমা হামলায় বেসামরিক মানুষ হত্যাকে ‘যুদ্ধাপরাধ’ বললেন রশিদ খান

আফগানিস্তানের কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বোমা হামলায় অন্তত ৪০০ জন নিহত ও ২৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। হতাহতদের সবাই বেসামরিক মানুষ।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান। বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন রশিদ।
বার্তা সংস্থা রয়টার্সকে তালেবান সরকারের এক মুখপাত্র বলেছেন, কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট দেন রশিদ। হামলার দুটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘কাবুলে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের সাম্প্রতিক খবরে আমি গভীরভাবে শোকাহত। বেসামরিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বা চিকিৎসা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা, তা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত- একটি যুদ্ধাপরাধ।‘
এই ঘটনায় জাতিসংঘের প্রতি আহ্বান জানান তদন্ত করে ব্যবস্থার নেওয়ার। ‘বিশেষ করে এই পবিত্র রমজান মাসে মানুষের জীবনের প্রতি এমন চরম অবজ্ঞা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এটি কেবল বিভেদ ও ঘৃণাকেই উসকে দেবে। আমি জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাকে এই নৃশংস ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমার আফগান জনগণের পাশে আছি। আমরা এই ক্ষত কাটিয়ে উঠব এবং একটি জাতি হিসেবে আবার জেগে উঠব। আমরা সবসময়ই তা করি। ইনশাআল্লাহ!’
তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এদিকে পাকিস্তান এই দাবিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি অনুযায়ী, সোমবার সুনির্দিষ্টভাবে কেবল সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের মদদ দেওয়া অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ গত মাসে নতুন করে যুদ্ধে জড়িয়েছে। এরপর থেকে প্রায়ই প্রাণহানির খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

















