রানের পাহাড় থেকে বহুদূরে পাকিস্তান, বাংলাদেশের দরকার সাত উইকেট

মঙ্গলবার সিলেট টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩৩ রান। তাইজুলের করা ৩৫ তম ওভারের শেষ বল লেগে খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন বাবর। বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়ার সময় ব্যাটের কানা ছুঁয়ে যায় লিটনের গ্লাভসে। ৫২ বলে ৪৭ রানে বাবর আউট হলে মাসুদের সঙ্গে তৃতীয় উইকেটে তার ৯২ রানের জুটিও ভাঙে।
বাবরের পর ক্রিজে এসেছেন নতুন ব্যাটসম্যান সৌদ শাকিল। তার সাথে মাসুদ অপরাজিত আছেন ৫০ রানে।
এর আগে দিনের খেলা শুরুর পর নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের বলে দুই ওপেনারকে হারায় তারা। এরপর জুটি গড়ে প্রতিরোধ গড়েছেন শান মাসুদ ও বাবর আজম।
সকালের রোদে উইকেটেও ব্যাট করা মনে হচ্ছিল কঠিন নয়। তবে একাদশ ওভারে গিয়ে ব্রেকথ্রু আনেন নাহিদ। তার গতিময় বাড়তি বাউন্সের বল কাট করে নামাতে পারেননি, গালিতে দারুণ ক্যাচ মুঠোয় জমান মেহেদী হাসান মিরাজ। ২৮ বলে ৬ রান করে আউট হয়ে ফিরেন আব্দুল্লাহ ফজল।
পরে বল করতে এসেও সাফল্য পান মিরাজ। থিতু হওয়া ওপেনার আজান আওয়াইসকে এলবিডব্লিউতে বিদায় করেন তিনি। ৪১ রানে ২ উইকেট পড়ার পর প্রতিরোধ গড়েন বাবর-শান।

















