বিসিবি নির্বাচনে লড়বেন না খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন।
শনিবার (২৫ এপ্রিল) বগুড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি স্পষ্ট জানান, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা তার নেই।
খালেদ মাহমুদ সুজন জানান, সরাসরি নির্বাচনে না থাকলেও তিনি ক্রিকেট মাঠের সাথেই থাকতে চান। পেশাদার কোচ হিসেবে বিসিবির অধীনে কাজ করতে তার আগ্রহ রয়েছে। এছাড়া দেশের ক্রিকেটের মানোন্নয়ন বা বোর্ড যদি তাকে অন্য কোনো কারিগরি দায়িত্ব দেয়, তবে তা বিবেচনা করবেন বলে জানান তিনি।
সম্প্রতি বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সুজন।
সেই আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে তামিমের চমৎকার কিছু পরিকল্পনা রয়েছে। আমি আমার মতামত তাকে জানিয়েছি এবং একইসাথে পরিষ্কার করেছি যে, আমি নির্বাচনে থাকছি না।”
উল্লেখ্য, চলতি মাসে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করে। নবনিযুক্ত সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর জানিয়েছেন, আগামী জুনের মধ্যেই বিসিবির সাধারণ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। সুজনের এই সরে দাঁড়ানোর ঘোষণা নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করল।

















