বিনামূল্যে ‘দিন যায় কথা থাকে’ সিনেমা দেখুন, নয় এপ্রিল

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে মাসব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) বড় পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে খান আতাউর রহমান পরিচালিত কালজয়ী সিনেমা ‘দিন যায় কথা থাকে’।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ফিল্ম আর্কাইভের নিজস্ব ভবনের অত্যাধুনিক প্রজেকশন হলে দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে এই ধ্রুপদী চলচ্চিত্রটি উপভোগ করার সুযোগ পাবেন।
২ ঘণ্টা ৩২ মিনিট ব্যাপ্তির এই সাদা-কালো ছবিটি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে সিনেমার সোনালি অতীতে। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনয়শিল্পী ফারুক, কবরী, আনোয়াররা, খলিল ও টেলিসামাদ। প্রতি বৃহস্পতিবারের ধারাবাহিকতায় এদিনও সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই বিশেষ প্রদর্শনী।
মূলত চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের দর্শকদের বাংলা সিনেমার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই ফিল্ম আর্কাইভ নিয়মিত এ ধরনের আয়োজন করে থাকে। ঢাকার আগারগাঁওস্থ ফিল্ম আর্কাইভ ভবনের দোতলায় ৩০০ আসনবিশিষ্ট প্রজেকশন হলে আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে এভাবেই দর্শকরা দুর্লভ ও জনপ্রিয় সব চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন।

















