বিদায় নিচ্ছে মাহে রমজান, আজ পবিত্র জুমাতুল বিদা

আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, যা মুসলিম উম্মাহর কাছে ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। দেশজুড়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালিত হচ্ছে মহিমান্বিত এই দিনটি।
মূলত জুমাতুল বিদার মাধ্যমেই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানকে বিদায় জানানো হয়। বিশেষ এই দিনে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত পানে রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে আজ ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল প্রধান জামাতগুলোতে নামাজ শুরুর আগে খতিব ও ওলামায়ে কেরামগণ জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা করেন।
নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মুসল্লিরা এই মাসে করা ইবাদত কবুল হওয়ার পাশাপাশি আগামীর পথ চলায় আল্লাহর দিকনির্দেশনা প্রার্থনা করেন।
উল্লেখ্য যে, এবারের রমজান ৩০ দিন পূর্ণ হওয়ায় আগামীকাল শনিবার সারা দেশে একযোগে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। আজকের এই শেষ জুমার মধ্য দিয়ে মুমিনদের মাঝে একদিকে মাসব্যাপী সিয়াম সাধনা শেষের তৃপ্তি, অন্যদিকে বিদায়ের বিষণ্ণতা বিরাজ করছে।
ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জাতীয় মসজিদসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

















