‘বনলতা এক্সপ্রেস’ ১১ দিনেই আয় ৩ কোটি ছাড়ালো

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এখন আলোচনার তুঙ্গে রয়েছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত গল্পের এই সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে তুলনামূলক কম শো পেলেও দর্শকদের প্রবল আগ্রহে প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে।
দর্শক চাহিদাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ শো নিয়ে সগৌরবে চলছে সিনেমাটি। নির্মাতা সূত্রে জানা গেছে, মুক্তির মাত্র ১১ দিনেই ‘বনলতা এক্সপ্রেস’ ৩ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
আয়ের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, দেশের শীর্ষস্থানীয় সিনেপ্লেক্সগুলো থেকে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে এককভাবে স্টার সিনেপ্লেক্স থেকেই আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা। এছাড়া ব্লকবাস্টার সিনেমাস থেকে ৪২ লাখ ৩৩ হাজার, লায়ন সিনেমাস থেকে ১২ লাখ ২৯ হাজার এবং কে-স্ক্রিন থেকে ৫ লাখ ৫৮ হাজার টাকা আয় করেছে ছবিটি।
দর্শকদের এমন অভাবনীয় সাড়ায় উচ্ছ্বসিত পরিচালক তানিম নূর জানান, পরিবার ও বন্ধুদের নিয়ে দল বেঁধে দর্শকরা সিনেমাটি দেখতে আসছেন, যা চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।
বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২৮টি নিয়মিত শো চললেও দর্শক চাপে আজ বৃহস্পতিবার শোর সংখ্যা বাড়িয়ে ৩৩টি করা হয়েছে। পাশাপাশি লায়ন সিনেমাসে ২টি ও ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শোতে প্রদর্শিত হচ্ছে ছবিটি। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে আবর্তিত এই সিনেমার গল্পে যাত্রীদের জীবনের বিচিত্র সব দিক ফুটিয়ে তোলা হয়েছে।
সিনেমাটির শক্তিশালী অভিনয়শিল্পী বহরে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, ইন্তেখাব দিনার, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন ও শ্যামল মওলাসহ আরও অনেকে।

















