প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নির্যাতন বা জুলুম বরদাশত করা হবে না।
সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ধর্মমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, “প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর বা অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার-জুলুম-নির্যাতন সহ্য করব না।” তিনি জানান, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা তার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।
ভারতের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, “ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং এ কারণে আমি দেশটিকে শ্রদ্ধা করি। তবে সেখানে সংখ্যালঘুদের আরও নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করা হলে সেই শ্রদ্ধা আরও বাড়বে।” তিনি আরও যোগ করেন যে, পার্শ্ববর্তী দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলেই বাংলাদেশে তার প্রভাব পড়তে দেওয়া হবে না। তিনি বলেন, “ভারতে কোনো ঘটনা ঘটেছে বলেই বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।”
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় আয়োজিত এই সংলাপে ধর্মমন্ত্রী মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনা ও সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন। সেখানে তিনি বারবার সংখ্যালঘু সুরক্ষা এবং ধর্মীয় সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

















