প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কার্যালয়ে পৌঁছান বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। কার্যালয়ে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে বিপুল উৎসাহ-উদ্দীপনায় স্বাগত জানান।
অতিরিক্ত প্রেস সচিব জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টন কার্যালয়ে তার নিজস্ব চেম্বারে দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। তিনি বর্তমানে বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
নয়াপল্টনে যাওয়ার আগে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন। সেখানে আসন্ন সংসদ অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সংসদীয় সভা শেষ করেই তিনি সরাসরি দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।
এদিকে প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে দুপুর আড়াইটা থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেন নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৪টার পর থেকে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সকাল থেকেই বিশেষ নিরাপত্তা বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয়ের চারপাশ ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেন।

















