প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার, মুক্তাগাছায় জামায়াত কর্মী গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ ছবি পোস্ট করার অভিযোগে আজিজুল হক (৩৫) নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার ঝনকা বাজার থেকে তাকে গ্রেফতারের পর শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজিজুল হক মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি স্থানীয় জামায়াতের রাজনীতির সাথে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি অজ্ঞাত ফেসবুক পেজ থেকে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এডিট করে ‘অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা’ ক্যাপশনে একটি পোস্ট করা হয়। আজিজুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি শেয়ার করেন। বিষয়টি নজরে আসার পর এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
মুক্তাগাছা থানার ওসি মো. লুৎফর রহমান জানান, যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে, তাই মামলা দায়েরের আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। আইনি প্রক্রিয়ার কারণে ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ায় তাকে আপাতত ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ প্রসঙ্গে মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক বলেন, আজিজুল হক দলের নেতা নন, বরং একজন কর্মী। তার গ্রেফতারের খবর শুনে নেতাকর্মীরা থানায় গিয়েছিলেন প্রকৃত বিষয়টি জানার জন্য, তাকে ছাড়িয়ে আনতে নয়।
এদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের আদালত শুনানি শেষে আজিজুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

















