প্রথম চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আগামীকাল মঙ্গলবার (৫ মে) তিন দিনের সরকারি সফরে বেইজিং যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম চীন সফর। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে ড. খলিলুর রহমান এই সফরে যাচ্ছেন। তিনি ৫ মে থেকে ৭ মে পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন। সফরকালে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।
নতুন সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় কোনো উচ্চপর্যায়ের সরকারি সফর। এর আগে গত ২০ এপ্রিল চীন সফরে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনে অবস্থান করছে। প্রতিনিধিদলের প্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিংয়ে গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের উচ্চপর্যায়ের এই একের পর এক সফর বেইজিংয়ের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় করার ইঙ্গিত দিচ্ছে।

















