পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের এক সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। এ সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই সফরের বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ দুপুর ১টায় ঢাকা থেকে রওনা হয়ে রাষ্ট্রপতি পৌনে ২টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সার্কিট হাউজে যাবেন এবং তাঁকে সেখানে গার্ড অব অনার প্রদান করা হবে। সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ২৯ মার্চ বেলা ১১টায় তিনি পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। ওইদিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
সফরের তৃতীয় দিন সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় রাষ্ট্রপতি পাবনা সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। এরপর সন্ধ্যায় তিনি শহরের জুবলী ট্যাংক এলাকায় অবস্থিত তাঁর নিজ বাসভবনে যাবেন এবং সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সময় অতিবাহিত করবেন।
সফর শেষে আগামী ৩১ মার্চ (মঙ্গলবার) পাবনা ক্যাডেট কলেজ থেকে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করার মাধ্যমে চারদিনের এই সফর সমাপ্ত করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

















