পাবনায় গোয়ালঘরে পাওয়া গেল দেড় হাজার লিটার জ্বালানি তেল

পাবনার সুজানগরে একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া বাজারের পাশে খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্টু হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করা হয়।
পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনাখড়া বাজারে অভিযান পরিচালনার সময় কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক সন্টু হোসেন দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাড়ির গোয়ালঘরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় মজুদ করে রাখা প্রায় দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন খুঁজে পায় আভিযানিক দল।
উদ্ধারকৃত জ্বালানি তেলগুলো তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ মজুদের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে চিনাখড়া ও আতাইকুলাসহ মোট চারটি বাজারে তদারকি অভিযান চালিয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে আরও ৬টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

















