পরিবার ফিরছে লন্ডন থেকে , রাজশাহীতে হবে শামস সুমনের দাফন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ও আবৃত্তি শিল্পী শামস সুমনের দাফন সম্পন্ন হবে তার জন্মভূমি রাজশাহীতে। আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জানাজা শেষে নগরীর হেতেম খাঁ কবরস্থানে তাকে সমাহিত করা হবে। অভিনেতার ছোট ভাই রাশেদ রিপন এই তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের পরিবারের সদস্যরা বিদেশ থেকে দেশে পৌঁছানোর পর মরদেহ ঢাকা থেকে রাজশাহীতে নেওয়া হবে। বৃহস্পতিবার জোহর নামাজের পর লক্ষ্মীপুর ঝাউতলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অভিনয় জীবনের বর্ণাঢ্য পথচলা শুরু হয়েছিল মঞ্চ ও বেতার নাটকের মাধ্যমে। ১৯৬৭ সালে রাজশাহীতে জন্ম নেওয়া এই শিল্পী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিপণন (মার্কেটিং) বিভাগে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
ছাত্রজীবন থেকেই সৃজনশীল কাজের প্রতি তার প্রবল ঝোঁক ছিল, যা পরবর্তীতে তাকে দেশের অভিনয় অঙ্গনের এক পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে। অভিনয়ের পাশাপাশি তিনি জনপ্রিয় এফএম রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে শামস সুমন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও বড় পর্দায়ও তার পদচারণা ছিল অত্যন্ত প্রশংসনীয়। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তার দীর্ঘ ক্যারিয়ারে ‘জয়যাত্রা’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘নমুনা’ এবং ‘আয়না কাহিনী’র মতো অসংখ্য দর্শকনন্দিত চলচ্চিত্র রয়েছে। তার অকাল প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

















