নেতানিয়াহুর ক্যানসার চিকিৎসার নথিপত্র তলব করেছেন আদালত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার স্বাস্থ্যের যাবতীয় নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রামলে ম্যাজিস্ট্রেট আদালত। গত মাসে প্রথমবারের মতো নিজের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর স্বীকার করার পর আদালত এই আদেশ দিলেন।
বৃহস্পতিবার (৭ মে) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিচারক মেনাহেম মিজরাহি এক মানহানি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ জারি করেন। ২০২৪ সালে সাংবাদিক উরি মিসগাভ, বেন কাসপিট ও গোনেন বেন ইতজাক দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ। তাদের এই দাবির বিরুদ্ধে নেতানিয়াহু মানহানির মামলা করেছিলেন। কিন্তু সম্প্রতি নেতানিয়াহু নিজেই ক্যানসারের কথা স্বীকার করায় মামলার মোড় ঘুরে যায় এবং সাংবাদিকরা তথ্য প্রমাণের আবেদন জানান।
আদালতের রুলিং অনুযায়ী, আগামী ১৩ মের মধ্যে নেতানিয়াহুকে তার চিকিৎসার হালনাগাদ প্রতিবেদন জমা দিতে হবে। সেখানে ক্যানসার প্রথম কবে শনাক্ত হয়েছিল এবং চিকিৎসার বিস্তারিত বিবরণ থাকতে হবে। নথিপত্রের সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক ড. জভি বেরকোভিটসের স্বাক্ষর করা একটি চিঠিও জমা দিতে বলা হয়েছে।
বিচারক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তার খাতিরে এই নথিগুলো ‘সিলগালা’ অবস্থায় থাকবে এবং সাধারণের জন্য উন্মুক্ত করা হবে না। নেতানিয়াহু নিজে আদালতে সাক্ষ্য দেওয়ার পর তার চিকিৎসকদের সাক্ষী হিসেবে তলব করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আদালত।







