নিরাপত্তা ও সরবরাহ সংকটে বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

সারাদেশে তীব্র জ্বালানি সংকট এবং এর ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় সব পেট্রোল পাম্প (ফিলিং স্টেশন) বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে মালিক পক্ষ জানায়, বর্তমানে দেশের ফিলিং স্টেশনগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। তেল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে সাধারণ ক্রেতাদের প্রয়োজনীয় তেলের জোগান দেওয়া পাম্পগুলোর পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দেশের কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী তেল পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে চরম ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন।
জ্বালানি সংকটের এই নেতিবাচক প্রভাব পড়ছে পাম্পের কর্মীদের ওপরও। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে নজেল ম্যানদের। অনবরত কথা কাটাকাটি ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কাজ করতে গিয়ে কর্মীরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, বিরামহীন ডিউটি এবং গ্রাহকদের সঙ্গে চলমান এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার মতো সক্ষমতা কর্মীদের আর অবশিষ্ট নেই।
সব মিলিয়ে, পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়া এবং ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তার চরম অবনতি ঘটার আশঙ্কায় যেকোনো মুহূর্তে সারাদেশের পাম্পগুলো কার্যক্রম বন্ধ করে দিতে পারে বলে মালিকদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

















