নিজেকে জেমস বন্ড দাবি করে ট্রাম্পের পোস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সোশ্যাল মিডিয়ায় নতুন চমক দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জেমস বন্ডের স্টাইলে একটি মজার মিম পোস্ট করেছেন তিনি। ছবির ওপর বড় অক্ষরে লেখা রয়েছে ‘ট্রাম্প ০০৭’।
ছবিতে তরুণ বয়সের ট্রাম্পকে স্যুট-টাই পরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, যেখানে আয়নায় তাঁর একাধিক প্রতিবিম্ব পড়েছে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, তিনিই সবচেয়ে বড় আকর্ষণ। অ্যামাজন এমজিএম স্টুডিও যখন ড্যানিয়েল ক্রেইগের পর নতুন জেমস বন্ড অভিনেতার সন্ধান করছে, ঠিক তখনই ট্রাম্পের এই পোস্ট বিশ্বজুড়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
ট্রাম্প অবশ্য আগেও বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব যেমন—এলভিস প্রিসলি, উইনস্টন চার্চিল এবং যিশুখ্রিস্টের সঙ্গে নিজের তুলনা করে আলোচনায় এসেছিলেন। এর আগে তাঁর প্রথম মেয়াদে হোয়াইট হাউসের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও তাঁকে টাক্সেডো পরা ও পিস্তল হাতে জেমস বন্ড সাজিয়ে একটি মিম পোস্ট করা হয়েছিল।
একই রাতে ট্রাম্প আরও কয়েকটি পোস্ট করেন। যার একটিতে জনসভার ছবি দিয়ে নিজেকে মূল আকর্ষণ দাবি করেন এবং অন্যটিতে আকস্মিকভাবে প্রয়াত মার্কিন গায়িকা হুইটনি হিউস্টনের সঙ্গে তাঁর একটি পুরোনো ছবি শেয়ার করেন। ট্রাম্পের এই বন্ড মিম নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সমর্থকরা যেখানে ট্রাম্পের চিরযৌবনা মনোভাবের প্রশংসা করছেন, বিরোধীরা সেখানে ট্রাম্পের বয়স ও অবাস্তব স্বপ্ন নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করছেন। তবে এই পোস্টের মাধ্যমে ট্রাম্প আবারও প্রমাণ করলেন যে তিনি সবসময়ই প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন।

















