নারী চ্যাম্পিয়ন্স লিগে বার্সার কাছে হাফ ডজন গোলে বিধ্বস্ত রিয়াল

নারী চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে ৬-২ গোলে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিল বার্সা। এবার কোয়ার্টার-ফাইনালে ফিরতি লেগে ঘরের মাঠে রিয়ালকে পেয়ে ৬-০ গোলে বিধ্বস্ত করলো কাতালানরা।
দুই লেগ মিলিয়ে ১২-২ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে বার্সেলোনা। আগামী ২৫ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের সাথে লড়বে বার্সার নারীরা।
চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগের মাঝে স্প্যানিশ লা লিগার ম্যাচেও লড়াই হয়েছে বার্সা ও রিয়ালের। প্রতিপক্ষের মাঠে খেলে ওই ম্যাচেও ৩-০ গোলে জিতেছে ক্লাউদিও পেনারা।
এবার ফিরতি লেগের লড়াইয়ে অষ্টম মিনিটে প্লেসিং শটে দলকে এগিয়ে দেন বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচ খেলতে নামা পুতেয়াস। এরপর আসতেই থাকে একের পর এক গোল।
ম্যাচের ১৫ মিনিটে দ্বিতীয় গোল করেন ক্যারোলিন গ্রাহাম হানসেন। এরপট স্কোরলাইন ৩-০ করে দেন আইরিন পারেদেস। ৩৪ মিনিটে ইউয়া পাজোর গোল করলে রিয়ালের জালে জমা হয় এক হালি গোল।
বিরতির পর আর দুই গোল করে বার্সার মেয়েরা। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন হানসেন। আর ৭৪ মিনিটে রিয়ালের জালে শেষ গোল করেন ২২ বছর বয়সী মিডফিল্ডার ইসমি ব্রুগটস।

















