নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে হত্যাচেষ্টা

নড়াইলের কালিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষ্ণপদ আর্চয্য (৭৩) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত কৃষ্ণপদ আর্চয্য বর্তমানে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে কালিয়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন কৃষ্ণপদ। পথে ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, হাতে ও পায়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। উদ্ধারকারীরা তাকে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেন।
আহত বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্য জানান, স্থানীয় একটি মনসা মন্দিরের জমি এবং তার পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিবেশী ওলিয়ার রহমানের ছেলে আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭) এবং ফজর শেখের ছেলে মাহিদুল শেখের (৩৫) সাথে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। এই মামলার জের ধরে এবং তাকে চিরতরে সরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তিনি এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেফতার দাবি করেন।
ঘটনা নিশ্চিত করে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমি নিয়ে বিরোধের জেরে এই হামলার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

















