‘দেশ রক্ষায় এক কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন যে, তিনি নিজে এবং দেশটির প্রায় ১ কোটি ৪০ লাখ নাগরিক মাতৃভূমি রক্ষায় ‘জীবন উৎসর্গ’ করতে প্রস্তুত।
মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বার্তায় লেখেন, ‘‘১ কোটি ৪০ লাখেরও বেশি সাহসী ইরানি এখন পর্যন্ত দেশের প্রতিরক্ষায় জীবন বিসর্জন দেওয়ার প্রস্তুতি ঘোষণা করেছেন। আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। আমি বর্তমানে আছি এবং ভবিষ্যতেও দেশের পাশেই থাকবো।’’
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর অভিযানে ইরানে বেশ কিছু উচ্চপর্যায়ের হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সেক্রেটারি আলী লারিজানিও রয়েছেন।
এক মাসের বেশি সময় ধরে চলা এই ভয়াবহ যুদ্ধে ইরানে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন।
এদিকে, যুদ্ধের অবসানের শর্ত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক হুঁশিয়ারি বার্তায় জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত নির্ধারিত সময়সীমাই চূড়ান্ত।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের সাড়া উল্লেখযোগ্য হলেও তা যথেষ্ট নয়।
ট্রাম্প আরও যোগ করেন, ‘‘তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তবে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। তারা জানে তাদের কী করতে হবে এবং আমি মনে করি তারা সদিচ্ছা নিয়েই আলোচনা করছে।’’

















