তুলে মারলেন ডেভিড… বল চলে গেল স্টেডিয়ামের বাইরে…

রোববার আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা চলছে। তখন ক্রিজে টিম ডেভিড দানবীয় রূপে। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। এর মধ্যে একটি শটে বল উড়ে চলে গেল স্টেডিয়ামের ছাদের ওপর দিয়ে মাঠের বাইরে!
ডেভিড নিজেও সেদিকে তাকিয়ে চোখ কচলে দেখার ভঙ্গি করলেন, যেন নিজেও বিশ্বাস করতে পারছেন না। এমন শট খেলে বেশ মজা পেয়েছেন! ম্যাচের পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান সে কথাও বললেন।
এই ম্যাচের শেষ দিকে তাণ্ডব চালান ডেভিড। ১৫তম ওভারে ক্রিজে গিয়ে ২৫ বলে ৭০ রানের ইনিংস খেলেন। ১৫তম ওভারে ক্রিজে যাওয়া ব্যাটসম্যানদের মধ্যে যা রেকর্ড। এর মধ্যে ডেথ ওভারেই (১৭ থেকে ২০) রান করেন তিনি ৬৮। এটিও আইপিএলে রেকর্ড।
এই ইনিংসে ৮টি ছক্কা মারেন ডেভিড। ১৯তম ওভারে জেমি ওভারটনের ওভারে ৩০ রান নেন, হাঁকান ৪টি ছক্কা। এর শেষটিই চলে যায় স্টেডিয়ামের বাইরে।
ম্যান অব দা ম্যাচ হওয়ার পর ১০৬ মিটার লম্বা সেই ছক্কা নিয়ে ডেভিড জানান, অনুশীলনে তারা এসব শট খেলার চেষ্টা করেন।
বলেন, ‘অনুশীলনে আমরা প্রতিযোগিতা করে থাকি ছাদের ওপরে বল পাঠাতে। তখন অবশ্য এক প্রান্তের উইকেটগুলোতে খেলে থাকি আমরা। ম্যাচের সময় মাঝ উইকেট থেকে এরকম কিছু করতে পারা তাই সত্যিই সন্তুষ্টির। জেমি তখন বেশ দ্রুতগতিতে বল করছিল। এটাও সহায়তা করেছে বল ছাদের ওপরে পাঠানো। বেশ মজা পেয়েছি!‘
ডেভিড কৃতিত্ব দিলেন বেঙ্গালুরুর সহকারী কোচ দিনেশ কার্তিককে। বেঙ্গালুরুর হয়ে একসময় ফিনিশারের ভূমিকায় ছিলেন কার্তিক। তার সঙ্গে কাজ করে উপকৃত হচ্ছেন ডেভিড।
“ডিকের (কার্তিক) সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য অনেক সৌভাগ্যের। এই ধরনের কন্ডিশন ও পরিস্থিতিতে নিঃসন্দেহে তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। তবে মৌলিক বিষয়গুলো ধরে রাখতেই গয়, যেগুলোর ওপর ভিত্তি করে শক্তিটা গড়ে ওঠে এবং তারপর সেগুলোকে আরও উন্নত করার চেষ্টা করতে হয়।”
“বেশ কবছর ধরেই তো আইপিএলে আছি। সেই প্রস্তুতি এবং যেুটুকু সময় মেলে, ভালো খেলার জন্য নিজের ওপর ততটা চাপ দেই না। চেষ্টা করি, ভালো দিনগুলোতে খেলাটা উপভোগ করতে। অবশ্যই কিছু খারাপ দিনও আসবে, খেলাটাই এমন।”
শেষ দিকে ডেভিডের সঙ্গে এ দিন বিধ্বংসী হয়ে ওঠেন অধিনায়ক রাজাত পাতিদারও। করেন ১৯ বলে ৪৮ রান। শেষ ৫ ওভারে ৯৭ রান তুলে ২০ ওভারে ২৫০ রান করে বেঙ্গালুরু। পরে তারা ম্যাচ জিতে নেয় ৪৩ রানে।

















