ঢাবিতে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুরের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের সামনে জমে থাকা বিদ্যুতায়িত বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি কুকুরের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে হলের প্রধান ফটকের সামনের সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বৃষ্টির পর সূর্যসেন হলের গেটের সামনের সড়কে পানি জমে যায়। রাত পৌনে ৯টার দিকে একটি কুকুর ওই জমে থাকা পানির ওপর দিয়ে যাওয়ার সময় মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায়।
হলের আবাসিক শিক্ষার্থী ইসরাফিল আলম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমি হলের ভেতর ঢোকার সময় জমে থাকা পানি এড়িয়ে চলছিলাম। হঠাৎ পেছন থেকে কুকুরের তীক্ষ্ণ চিৎকার শুনে ফিরে তাকাই। দেখি, কুকুরটি ছটফট করছে এবং দু’বার হাঁফ ছেড়ে সেখানেই নিথর হয়ে যায়।”
শিক্ষার্থীদের অভিযোগ, হলের সামনের একটি ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার আগে থেকেই খোলা অবস্থায় ছিল। সম্প্রতি ওই ল্যাম্পপোস্টের লাইট চুরির পর তারগুলো যথাযথভাবে মেরামত না করে কেবল ঢিলেঢালাভাবে টেপ দিয়ে জোড়া দিয়ে রাখা হয়েছিল। বৃষ্টির কারণে সেই জোড়া আলগা হয়ে পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর ল্যাম্পপোস্টের নিচের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
ইসরাফিল আলম আরও বলেন, “ঘটনাস্থলের ঠিক পাশেই আমি ও আরও দুজন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলাম। সামান্য এদিক-সেদিক হলে আমাদের যে কেউ আজ প্রাণ হারাতে পারতাম।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “কুকুরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
তিনি আরও জানান, সমস্যার উৎস চিহ্নিত করতে এবং ক্যাম্পাসের অন্যান্য বৈদ্যুতিক খুঁটির নিরাপত্তা নিশ্চিত করতে ইলেকট্রিশিয়ানদের একটি দল ঘটনাস্থলসহ পুরো ক্যাম্পাস পরিদর্শন করছে।

















