ট্রেন দুর্ঘটনায় ১২ প্রাণহানিতে সিঙ্গাপুরে বসে কাঁদলেন এমপি মনিরুল হক চৌধুরী

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় গভীর শোক ও মর্মাহত প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত এই এমপি রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে হোয়াটসঅ্যাপে দীর্ঘক্ষণ কথা বলেন।
এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে মন্ত্রীকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কথোপকথনের একটি ভিডিও পরবর্তীতে এমপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়, যেখানে তাকে অত্যন্ত আবেগাপ্লুত অবস্থায় দেখা গেছে।
আলাপকালে মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন যে, গত ১০০ বছর ধরে এই রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলেও কোনো স্থায়ী সমাধান বা বিচার হয়নি। তিনি আক্ষেপ করে বলেন, পদুয়ার বাজার রেলক্রসিংয়ের ব্যারিকেড নির্মাণের জন্য অতীতে যে বরাদ্দ দেওয়া হয়েছিল, তা অপচয় করা হয়েছে।
রেলমন্ত্রী শেখ রবিউল আলম তাকে আশ্বস্ত করে জানান যে, তিনি নিজে ঘটনাস্থলে যাচ্ছেন এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যাতে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ করে এমপি দ্রুতই দেশে ফিরে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।

















