ট্রাম্পের সাথে হাত মিলিয়ে যুক্তরাষ্ট্রে আম্বানির ৩০ হাজার কোটি ডলার বিনিয়োগ

যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টেক্সাসে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির কথা নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে একটি অত্যাধুনিক তেল শোধনাগার নির্মাণে প্রায় ৩০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে, যা গত ৫০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি কোম্পানির পক্ষ থেকে অন্যতম বড় বিনিয়োগ।
এই প্রকল্পের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রে উত্তোলিত হালকা শেল তেল পরিশোধনের সক্ষমতা বাড়ানো হবে। ট্রাম্প তার পোস্টে রিলায়েন্স ও মুকেশ আম্বানিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এটি একটি ঐতিহাসিক চুক্তি যা আমাদের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে আরও শক্তিশালী করবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, এই শোধনাগারটি কেবল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মজবুত করবে না, বরং এটি হবে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শোধনাগার। ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ নামক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক থেকেই এর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের বাজার যখন চরম অস্থির, ঠিক তখনই এই বড় বিনিয়োগের খবর এলো। বর্তমানে ভারতের জামনগরে বিশ্বের সর্ববৃহৎ শোধনাগারের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই নতুন চুক্তির ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আম্বানির রিলায়েন্সের প্রভাব যেমন বাড়বে, তেমনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও আম্বানির এই মেলবন্ধন বিশ্ব অর্থনীতির সমীকরণ বদলে দিতে পারে।

















