জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২১ মার্চ) বিকাল ৫টায় পেকুয়াস্থ স্বরাষ্ট্রমন্ত্রীর নিজস্ব বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে কক্সবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক। এছাড়াও চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, সাবেক আমির মাওলানা ছাবের আহমদ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির এবং পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ আহমেদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
অনুষ্ঠানে জামায়াত নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান এবং বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রমুখ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় উভয় পক্ষের নেতারা কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।

















