জামায়াত গড়তে জানে না, শুধু ভাঙতে জানে: অধ্যাপক নার্গিস বেগম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ১৯৯১ সালের নির্বাচিত সরকারকে মাত্র তিন বছরের মাথায় অস্থিতিশীল করতে যারা ভূমিকা রেখেছিল, জামায়াত তাদের মধ্যে অন্যতম। তারা গড়তে জানে না, তারা শুধু ভাঙতে জানে; তাই দেশবাসীকে এই বিষয়ে সজাগ থাকতে হবে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে যশোর শহরের শহীদ সুধীর ঘোষ সড়ক এলাকায় একাত্তরের সকল শহীদের স্মরণে আয়োজিত শিশু চিত্রাঙ্কন ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ধরনের মব সৃষ্টি বা অন্যায় আবদারের কাছে মাথা নত করা যাবে না। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে সংকট চলছে, তার প্রভাব আমাদের দেশেও পড়বে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের স্মৃতিচারণ করে তিনি উল্লেখ করেন যে, সে সময় দেশে খাদ্যের অভাব ছিল না, বরং বণ্টন ব্যবস্থার দুর্বলতার কারণেই দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই ধরনের জাতীয় সংকট সবাইকে মিলেমিশে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
শহীদ সুধীর ঘোষ সড়ক এলাকায় শহীদের স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান উদযাপন কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে দেবব্রত ঘোষের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যশোরের জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, সাংবাদিক সাজেদ রহমান, অ্যাডভোকেট আসাদুজ্জামান ও বিষ্ণু সাহা প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

















