চা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে চা খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার গোপীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিম ও ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের মধ্যে চা খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।
এই তুচ্ছ ঘটনার জেরে মধ্যরাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চলাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়ার পর স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, সংঘর্ষের সময় পুলিশকে বারবার ফোন দিলেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি। তবে এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবরটি তার জানা নেই। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

















