চারটি মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্গত চারটি মন্দিরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় এই সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি মন্দিরগুলোতে অনুদানের চেক হস্তান্তর করেন।
আর্থিক সহায়তা প্রাপ্ত মন্দিরগুলো হলো— ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং মহাখালীর টেম্পো মোড়ে অবস্থিত শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই অনুদান বিতরণের মাধ্যমে ধর্মীয় উপাসনালয়গুলোর উন্নয়নে সরকারি ও ব্যক্তিগত সহযোগিতার প্রতিফলন ঘটেছে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত। এছাড়াও প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা অনুষ্ঠানে অংশ নেন।
ধর্মীয় সম্প্রীতি ও উপাসনালয়গুলোর মর্যাদা রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করেন।

















