চট্টগ্রামের নতুন এসপি আলোচিত পুলিশ কর্মকর্তা মাসুদ আলম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আলোচিত কর্মকর্তা ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা বাংলাদেশ পুলিশে তার পেশাদারিত্ব এবং মাঠপর্যায়ে কাজের দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত। চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলায় তাকে পদায়নের মাধ্যমে মাঠপর্যায়ে শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির সংকেত দিচ্ছে মন্ত্রণালয়।
মো. মাসুদ আলম এর আগে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তবে ডিএমপি’র রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার কর্মতৎপরতা ও সাহসিকতার জন্য ব্যাপক আলোচনায় আসেন। তার পৈত্রিক নিবাস বগুড়া জেলায়।
জনস্বার্থে জারি করা এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তার বদলির কথা জানানো হয়েছে।

















