গ্রাহকসেবা দিতে হোয়াটসঅ্যাপে এলো মেটা বিজনেস এজেন্ট

বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিশেষ গ্রাহকসেবা সহকারী চালু করেছে মেটা। ‘মেটা বিজনেস এজেন্ট’ নামের নতুন এই প্রযুক্তি উন্নত গ্রাহকসেবা, বিক্রয় ব্যবস্থাপনা এবং দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় স্বয়ংক্রিয় সহায়তা দেবে। একই সঙ্গে ভবিষ্যতে এই প্রিমিয়াম সেবার জন্য অর্থ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে মেটা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে মেটা জানিয়েছে—তাদের এআই-চালিত গ্রাহকসেবা বট এখন বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। এর আগে ভারত ও মেক্সিকোর মতো কয়েকটি দেশে প্রায় দুই বছর ধরে পরীক্ষামূলকভাবে হোয়াটসঅ্যাপ বিজনেসে এই এআই এজেন্ট ব্যবহার করা হয়েছিল।
মেটার তথ্য অনুযায়ী, ‘মেটা বিজনেস এজেন্ট’ গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে, পণ্যের সুপারিশ করতে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এবং সম্ভাব্য ক্রেতা বা বিক্রয়-সংক্রান্ত লিড যাচাই করতে পারবে। কোনো জটিল প্রশ্নের উত্তর দিতে মানব সহায়তার প্রয়োজন হলে, বটটি তা স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কর্মীর কাছে পাঠিয়ে দেবে। শুধু হোয়াটসঅ্যাপেই নয়, ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজ (ডিএম) সেবাতেও এই এআই বট ব্যবহার করা যাবে।
মেটা আরও জানায়, বড় ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য তারা আলাদা একটি উন্নত প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে, যা শপিফাই (Shopify) বা জেনডেস্কের (Zendesk) মতো বাণিজ্যিক প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করা যাবে। এই এআই এজেন্ট সেবাকে ভবিষ্যতের অন্যতম আয়ের উৎস হিসেবে দেখছে মেটা। কোম্পানিটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিজনেস প্রিমিয়াম সাবস্ক্রিপশনের নির্দিষ্ট স্তরে এটি অন্তর্ভুক্ত করা হবে এবং বড় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহৃত টোকেনের পরিমাণ অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।
বিশ্লেষকদের মতে, এআই-ভিত্তিক স্বয়ংক্রিয় সেবা যুক্ত হওয়ার মাধ্যমে ব্যবসায়িক সফটওয়্যার ও ডিজিটাল অটোমেশন বাজারে মেটা নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল, যা হোয়াটসঅ্যাপকে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক প্ল্যাটফর্মে রূপ দিতে বড় ভূমিকা রাখবে।

















