গবেষণার চেয়ে রাজনৈতিক কারণেই বেশি আলোচনায় বিশ্ববিদ্যালয়: মাওলানা ইউনুস আহমদ

বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর গবেষণা ও শিক্ষার পরিবর্তে রাজনৈতিক হানাহানি ও অস্থিরতা প্রাধান্য পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।
তিনি বলেছেন, “সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি গড়ে ওঠে তাদের পড়াশোনা ও গবেষণার কারণে। কিন্তু আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি গড়ে ওঠে রাজনৈতিক কারণে। বিশ্ববিদ্যালয়গুলো আলোচনায় আসে কেবল রাজনৈতিক হানাহানি ও অস্থিরতার কারণে।”
শনিবার (২৫ এপ্রিল) পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
ইউনুস আহমদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতা শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন প্রত্যাশা করেছিল। কিন্তু সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের উদ্বিগ্ন ও হতাশ করেছে। দলীয় আধিপত্য বিস্তারের চেষ্টায় ক্যাম্পাসে যে উত্তেজনা তৈরি করা হচ্ছে, তাতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান। একই সঙ্গে ছাত্র সংগঠনগুলোকে গঠনমূলক ও শিক্ষাবান্ধব রাজনৈতিক সংস্কৃতি চর্চার পরামর্শ দিয়ে তিনি বলেন, “একটি স্বাধীন ও আধুনিক রাষ্ট্রে ছাত্র রাজনীতি হওয়া উচিত পড়াশোনা, গবেষণা ও দক্ষতাকেন্দ্রিক। কিন্তু আমাদের দেশে তা হয়ে উঠেছে দলীয় লেজুড়বৃত্তি। এই সংস্কৃতির অবসান হওয়া জরুরি।”
দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুমসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

















