ওপেনিংয়েই ২১ কোটি ডলার আয় করল ‘মাইকেল’

বিশ্বসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বক্স অফিসে শুরুতেই ইতিহাস সৃষ্টি করেছে।
গত শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর প্রথম কয়েক দিনেই সিনেমাটি ২১ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ১৬০ মিলিয়ন পাউন্ড) আয় করেছে। এর মাধ্যমে পৃথিবীর যেকোনো বায়োপিকের ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ডের রেকর্ড গড়ল এই সিনেমাটি।
পপ সম্রাটের এই জয়যাত্রা ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কুইন ব্যান্ডের ফ্রেডি মার্কারির বায়োপিক ‘বোহেমিয়ান র্যাপসোডি’র (১২ কোটি ৪০ লাখ ডলার) রেকর্ডকে বিশাল ব্যবধানে পেছনে ফেলেছে। এমনকি ২০২৪ সালের অস্কারজয়ী ব্লকবাস্টার সিনেমা ‘ওপেনহাইমার’-এর ১৮ কোটি ডলারের ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছে অ্যান্টোনি ফুকো পরিচালিত এই ছবি।
বক্স অফিসে রাজত্ব করলেও সিনেমাটি নিয়ে সমালোচক ও দর্শকদের মধ্যে ব্যাপক মতপার্থক্য দেখা গেছে। জনপ্রিয় রিভিউ সাইট রোটেন টমেটোসে দেখা যায়, সাধারণ দর্শকদের ৯৭ শতাংশই সিনেমাটিকে পছন্দ করেছেন। বিপরীতে, সমালোচকদের রেটিং মাত্র ৩৮ শতাংশ। সমালোচকদের প্রধান অভিযোগ, মাইকেল জ্যাকসনের জীবনের অমীমাংসিত ও বিতর্কিত দিকগুলো এড়িয়ে গিয়ে এটিকে একটি ‘পরিশোধিত’ বা ‘পরিচ্ছন্ন’ সংস্করণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সিনেমাটিতে মাইকেলের বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলোর কোনো উল্লেখ নেই। নির্মাতা অ্যান্টোনি ফুকো জানান, আইনি জটিলতা এড়াতে চিত্রনাট্য থেকে বিতর্কিত কিছু দৃশ্য বাদ দিয়ে কাহিনী ১৯৮৮ সালের ঘটনাপ্রবাহেই শেষ করা হয়েছে। এই রি-শুটের কারণে সিনেমার বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি ডলারে।
সিনেমাটিতে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার আপন ভাতিজা জাফার জ্যাকসন, যার পারফরম্যান্স দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। লিয়ন্সগেটের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে জানান, সব বয়সের দর্শকদের উপস্থিতি এই বিশাল অর্জনে ভূমিকা রেখেছে। বর্তমানে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হচ্ছে বহুল আলোচিত এই বায়োপিক।

















