এক মাসেই রেমিট্যান্স এলো সাড়ে ৩ বিলিয়ন ডলার

দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে চলতি মার্চ মাসে। মাস শেষ হওয়ার আগেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩.৫ (সাড়ে তিন) বিলিয়ন মার্কিন ডলার, যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল ২০২৫ সালের মার্চে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসের প্রথম ২৯ দিনেই প্রবাসীরা ৩৪৯ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪২ হাজার ৫০০ কোটি টাকারও বেশি।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারের বাড়তি খরচ মেটাতে বেশি পরিমাণে অর্থ দেশে পাঠাচ্ছেন। এই প্রবাহের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি দেখা গিয়েছিল, যার পরিমাণ ছিল ৩০২ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ছিল ১৯.৫ শতাংশ বেশি।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৫৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯.৩ শতাংশ বেশি। প্রবাসী আয়ের এই উল্লম্ফনে বিভিন্ন আমদানির দায় পরিশোধের পরও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়েছে। সোমবার দিন শেষে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯.৩৬ বিলিয়ন ডলারে।

















