ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ১৯ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর প্রথম ঈদুল ফিতর উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদের দিন সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেন। ২০০৭ সালের পর এই প্রথম দেশের মাটিতে ঈদ পালন করছেন তিনি, যা ঘিরে রাজধানীজুড়ে উৎসবের এক ভিন্ন আমেজ তৈরি হয়েছে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিতে ভোর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। সকাল সাড়ে আটটায় সাধারণ মানুষের জন্য যমুনার প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই ভিড় বাড়তে থাকে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের এই জনস্রোত এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার এবং শুভেচ্ছা জানানোর সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকে।
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে তারা একসঙ্গে নামাজ আদায় করেন।
উল্লেখ্য যে, ২০০৮ সালের সেপ্টেম্বরে দেশ ছাড়ার পর দীর্ঘ ১৯ বছর লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর আজকের এই ঈদ তার জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।

















