ইসরাইলকে ধ্বংস করার কোনো কথা উঠলে আমরা যুদ্ধে নামব: উগান্ডা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই এক বিস্ফোরক ঘোষণা দিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করল উগান্ডা। দেশটিতে নিযুক্ত সামরিক বাহিনীর প্রধান এবং বর্তমান প্রেসিডেন্টের ছেলে জেনারেল মুহুজি কাইনেরুগাবা স্পষ্ট জানিয়েছেন, ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার কোনো উপক্রম হলে উগান্ডা সরাসরি যুদ্ধে নামবে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেনারেল মুহুজি তার পোস্টে উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী যুদ্ধে বিশ্ব আজ ক্লান্ত এবং তারা এর অবসান চান। তবে শান্তি কামনার পাশাপাশি তিনি এক কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এতে ক্লান্ত। কিন্তু ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার কোনো কথা উঠলে আমরা যুদ্ধে নামব—ইসরাইলের পক্ষে।”
সম্প্রতি ইরান ও ইসরাইলের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে যে সরাসরি সংঘাত শুরু হয়েছে, তার রেশ ধরেই উগান্ডার এই অবস্থান সামনে এল। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উগান্ডার এই বার্তা সরাসরি তেহরান এবং তাদের মিত্রদের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ।
ইসরাইলের প্রতি উগান্ডার এই গভীর সংহতি কেবল মৌখিক নয়। সম্প্রতি ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে ইসরাইলি কমান্ডো অভিযানে নিহত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাতান ‘ইয়োনি’ নেতানিয়াহুর স্মরণে একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন জেনারেল মুহুজি। এই পদক্ষেপটি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও সামরিক সম্পর্কের নতুন মাত্রা নির্দেশ করে।
গত ফেব্রুয়ারির শেষ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়েছে। ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলায় প্রতিবেশী দেশগুলোতেও অস্থিরতা ছড়িয়ে পড়ছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই আফ্রিকার অন্যতম শক্তিশালী সামরিক শক্তির এমন সরাসরি যুদ্ধের ঘোষণা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

















