আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির বিশ্বরেকর্ড রুয়ান্ডার ফ্যানির

রুয়ান্ডার কিশোরী ব্যাটার ফ্যানি উতাগুশিমানিন্দে আন্তর্জাতিক ক্রিকেটে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়েছেন। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে ঘানার বিপক্ষে সেঞ্চুরি করে তিনি নারী ও পুরুষ উভয় ঘরানার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করলেন।
নাইজেরিয়া আমন্ত্রণমূলক উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অভিষেক ঘটাতেই এই ইতিহাস গড়েন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে কোনো ব্যাটারের সেঞ্চুরির নজির ছিল না; অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের ৯৬ রানের রেকর্ডটিই ছিল সর্বোচ্চ।
উতাগুশিমানিন্দে তাকে ছাড়িয়ে ১১১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির প্রথম নারী ক্রিকেটার হিসেবে নাম লেখান।
ঘানার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৬৫ বলের এই ইনিংসে ১৭টি বাউন্ডারি মারেন তিনি, যার ওপর ভর করে রুয়ান্ডা ২১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ঘানা ২০ ওভারে মাত্র ৮৮ রান তুলতে সক্ষম হলে রুয়ান্ডা ১২২ রানের বড় জয় পায়।
এই ইনিংসের মাধ্যমে উতাগুশিমানিন্দে আয়ারল্যান্ডের অ্যামি হান্টারের রেকর্ডটি ভেঙে দিয়েছেন, যিনি ১৬ বছর বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া ছেলেদের ক্রিকেটে সাবেক পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদির ১৬ বছর ২১৭ দিন বয়সের সেঞ্চুরির রেকর্ড এবং উগান্ডার প্রসোকোভিয়া আলাকোর টি-টোয়েন্টি রেকর্ডকেও পেছনে ফেলেছেন এই রুয়ান্ডান কিশোরী।

















