আট মৌসুম পর দ্বিতীয় স্তরে নেমে গেল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স

নিজেদের ভবিষ্যৎ অনেক আগেই টের পেয়েছিল উলভারহ্যাম্পটন। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এফসি। আট মৌসুম পর দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে নেমে গেল তারা।
প্রিমিয়ার লিগে মঙ্গলবার ওয়েস্ট হ্যাম ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় নিশ্চিত হয়ে যায় উলভারহ্যাম্পটনের অবনমন। ফলে পাঁচ ম্যাচ বাকি থাকতেই কঠিন বাস্তবতা মেনে নিতে হলো ওয়েস্ট মিডল্যান্ডসের ক্লাবটিকে।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৬ নম্বরে থাকা দলটি মৌসুম শুরু করেছিল ভিতো পেরেইরার কোচিংয়ে। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে গত নভেম্বরে বরখাস্ত করা হয় পর্তুগীজ কোচকে। দায়িত্ব দেয়া হয় রবিন এডওয়ার্ডস। কিন্তু ক্লাবের ভাগ্য বদলাতে পারেননি তিনি।
দুঃস্বপ্নের মৌসুমে জানুয়ারির আগে একটিও ম্যাচও জিততে পারেনি তারা। প্রথম জয়ের দেখা পেতে ১৯ ম্যাচ লাগে। এরপর একটু উন্নতি হলেও তা যথেষ্ট ছিল না। ৩৩ ম্যাচে এখনও পর্যন্ত তাদের জয় মাত্র ৩টি। বাকি ম্যাচগুলোতে ৮ ড্র আর ২২ পরাজয়ে তাদের পয়েন্ট কেবল ১৭।
উলভসের অন্তর্বর্তীকালীন নির্বাহী ন্যাথান শি ম্যাচ শেষে বলেছেন, সমর্থকদের ‘এর চেয়ে ভালো কিছু প্রাপ্য’ এবং প্রতিশ্রুতি দিয়েছেন তারা ‘ঘুরে দাঁড়ানো’র চেষ্টায় কমতি রাখবেন না।
ন্যাথান বলেন, ‘রেলিগেশন নিশ্চিত হওয়াটা উলভসের সঙ্গে সম্পৃক্ত সবার জন্য কঠিন এক মুহূর্ত। যদিও এটি অত্যন্ত হতাশাজনক ফলাফল, ডিসেম্বরে আমার আসার পর থেকেই কাজ চলছিল যাতে আমরা স্পষ্টতা ও দৃঢ়তার সাথে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকি।’
‘কোথায় উন্নতি করতে হবে, তা নিয়ে আমরা স্পষ্ট এবং আমাদের মনোযোগ এখন ক্লাবকে শক্তিশালী করা, গতি সঞ্চার করা এবং এমন একটি দল তৈরি করার দিকে, যার ওপর আমাদের সমর্থকরা বিশ্বাস রাখতে পারে। কী প্রয়োজন তা আমরা জানি এবং সামনের মাসগুলোতে আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।’ বলেন ন্যাথান।

















