নওগাঁয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পতাকা উত্তোলন ও ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী নওগাঁ জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্লোগান দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে শহরের সরিষাহাটির মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলায় যখন রাস্তাঘাট জনশূন্য ছিল, সেই সুযোগে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ অঙ্গসংগঠনের অন্তত পাঁচজন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তারা সেখানে জাতীয় ও দলীয় পতাকা টাঙিয়ে দেন এবং কিছুক্ষণ স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে নেতাকর্মীদের ঝটিকা অবস্থান নিতে দেখা যায়।
খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং টাঙানো পতাকাগুলো জব্দ করে। তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্তরা সেখান থেকে সটকে পড়ে।
নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক বলেন, “ভোরে রাস্তা ফাঁকা থাকার সুযোগ নিয়ে তারা পতাকা টাঙিয়ে রেখে গিয়েছিল। খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে সেগুলো জব্দ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

















