শহীদ মিনার, সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দায়িত্ব গ্রহণের পর ব্যস্ততম দিন অতিবাহিত করছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।
এরপর দুপুর ১২টায় তিনি রাজধানীর জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে তিনি তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী মরহুম বাবা-মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও জিয়ারতে অংশ নেন। এ সময় মন্ত্রিসভার নতুন সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের উদ্দেশে রওনা হন। দুপুর ১টায় তিনি সচিবালয়ে পৌঁছাবেন এবং সেখানে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ সম্পন্ন করবেন। বিকেলের সূচিতে রয়েছে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম। বেলা ৩টায় তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে তিনি প্রশাসনিক গতিশীলতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করবেন।

















