রাজধানীর রাস্তায় ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজধানীর রাস্তায় ঝাড়ু হাতে নেমেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার ভোরে ফজরের নামাজ শেষ করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিরপুরের মনিপুর এলাকায় রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন তিনি।
দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ডা. শফিকুর রহমান নিজে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছেন এবং তার কর্মীরা পলিথিনে করে সেই আবর্জনা সরিয়ে নিচ্ছেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলা এই অভিযানে তার পাশে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও ঝাড়ু হাতে সক্রিয় দেখা গেছে।
পরিচ্ছন্নতা অভিযান শেষে ডা. শফিকুর রহমান বলেন, কেবল রাস্তার ময়লা নয়, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করাই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে পুরো দেশ পরিচ্ছন্ন হয়ে উঠবে। ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে তিনি ঘোষণা দেন যে, ঢাকায় থাকলে তিনি প্রতিদিন এই রাস্তা ঝাড়ু দেবেন এবং ঢাকার বাইরে যেখানেই সফরে যাবেন, সেখানেও সহকর্মীদের নিয়ে একই কাজ করবেন।
কর্মসূচি চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির রাজনৈতিক বিষয়েও কড়া মন্তব্য করেন। বিএনপির সংস্কার পরিষদের শপথ না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি জুলাই বিপ্লবকে অপমানের শামিল। তিনি স্মরণ করিয়ে দেন যে, জুলাইয়ের গণঅভ্যুত্থান না হলে বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হতো না। তার মতে, ওই গণঅভ্যুত্থান ছিল বলেই তারেক রহমান যেমন প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন, তিনিও আজ বিরোধীদলীয় নেতার আসনে বসতে পেরেছেন।

















