কর্মীর মৃত্যুতে বিজয় মিছিল স্থগিত করলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক দলীয় কর্মীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পূর্বনির্ধারিত সব বিজয় কর্মসূচি স্থগিত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তার ব্যক্তিগত সহকারী মো. জাকির হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
জানা গেছে, সরাইল উপজেলাজুড়ে বিজয় উদ্যাপনের লক্ষ্যে গত রাত থেকেই বিশাল মিছিল ও আনন্দ র্যালির ব্যাপক প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। তবে তৃণমূলের প্রিয় মুখ আকবরের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই উৎসবের আমেজ শোকে পরিণত হয়। এমন পরিস্থিতিতে রাজনৈতিক শিষ্টাচার ও সহমর্মিতার পরিচয় দিয়ে আনন্দঘন সব অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন রুমিন ফারহানা।
এক জরুরি বার্তায় তিনি জানান, প্রিয় সহযোদ্ধাকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে বিজয় মিছিল না করে বরং দোয়ার মাধ্যমে মরহুমের স্মৃতির প্রতি সম্মান জানানোই এখন প্রধান লক্ষ্য। নেতাকর্মীদের আকবরের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। স্থগিত হওয়া এই কর্মসূচিগুলো পরবর্তীতে সুবিধাজনক সময়ে পুনর্নির্ধারণ করা হবে।

















