টি-২০ বিশ্বকাপে একটি ‘সান্ত্বনার জয়’ তবুও মুখিয়ে পাকিস্তান

দীর্ঘ নাটকীয়তার পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ। আইসিসি ও পিসিবির মাঝের টানাপোড়েন শেষে আগামী রবিবারের মহারণ এখন নিশ্চিত। এ অবস্থায় ব্যাপক আত্মবিশ্বাসী পাকিস্তান শিবির। মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে নিজেদের প্রস্তুতির কাজটাও সেরেছে তারা।
পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার পর কলম্বোর এই ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে। গ্রুপ-এ’র ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে অনেকটা ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান।
যদিও পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে নেই। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে তাদের রেকর্ড বড্ড ম্লান। টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচের একটিমাত্র সান্ত্বনার জয় পাকিস্তানের ঝুলিতে। আর ৫০ ওভারের বিশ্বকাপে আট ম্যাচের সবকটিতেই হেরে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে।
তবে এসব পুরনো রেকর্ড নিয়ে ভাবতে নারাজ পাক স্পিনার তারিক উসমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭ রানে ৩ উইকেট নেওয়া এই বোলার বলছেন, ‘নব্বইয়ের দশকে আমরা ভারতকে নিয়মিত হারাতাম। তাই শুধু সাম্প্রতিক রেকর্ড দেখলে চলবে না।’
পাকিস্তানি ওপেনার ফারহান দাবি করেছেন, গত এশিয়া কাপে ভারতের কাছে হারলেও লড়াই হয়েছিল সমানে সমান। এবার তারা আরও শক্তিশালী পারফরম্যান্স দেখাতে মুখিয়ে আছেন। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দুই জয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করেছে পাকিস্তান।

















