কানাডায় স্কুলে বন্দুক হামলায় নয়জনের মৃত্যু, আহত আরও ২৫

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। দেশটির রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলে জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে কানাডার সরকারি টেলিভিশন সিবিসি জানিয়েছেন, টাম্বলার রিজ এলাকার একটি হাইস্কুলের ভেতর ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
এছাড়াও একটি বাড়িতে আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে পুলিশের ধারণা। তারা বলছে, বৃটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলায় একজন বন্দুকধারীই জড়িত ছিলেন।
পুলিশের ধারণা, বন্দুকধারী খুব সম্ভবত আত্মহত্যা করেছেন। সন্দেহভাজন এ ব্যক্তিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী খুব সম্ভবত একজন নারী।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘গুরুতর আহত দুজনকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আঘাত প্রাণঘাতী নয় এমন আরও প্রায় ২৫ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনায় আর কেউ জড়িত নেই এবং সাধারণ মানুষের আর আতঙ্কিত হওয়ার কারণ নেই।
টাম্বলার রিজ ব্রিটিশ কলাম্বিয়ার উত্তরাঞ্চলে রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি প্রত্যন্ত পৌর এলাকা। সেখানে আনুমানিক দুই হাজার ৪০০ মানুষের বসবাস। এটি ভ্যাঙ্কুভার থেকে প্রায় এক হাজার ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
এ দুর্ঘটনার পর ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তামন্ত্রী নিনা ক্রিগারএক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, এই কঠিন সময়ে আমরা টাম্বলার রিজের মানুষের পাশে আছি। আমি মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছি এবং পুলিশকে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা দেওয়ার প্রস্তাব করেছি।

















