অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কয়েকদিন ধরে রুহুল কবির রিজভী জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। আজ বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ব্যক্তিগত সহকারীর মাধ্যমে রুহুল কবির রিজভী নিজের সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
বিএনপির এই শীর্ষ নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দলের ভেতরে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক নেতা-কর্মী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

















