এপস্টেইনের পাম বিচের বাড়িতে গিয়েছিলেন মাইকেল জ্যাকসন, নথিতে চাঞ্চল্যকর তথ্য

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত আদালতের নতুন নথিপত্র জনসমক্ষে আসায় বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এসব নথিতে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির নাম উঠে এসেছে, যার মধ্যে পপসম্রাট মাইকেল জ্যাকসনের নামও রয়েছে। আদালতের নথিতে থাকা একটি জবানবন্দি অনুযায়ী, মাইকেল জ্যাকসন অন্তত একবার এপস্টেইনের পাম বিচের বাড়িতে উপস্থিত ছিলেন।
সাক্ষীর বয়ানে যা জানা গেল জেফরি এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগকারী জোহানা সজোবার্গ আদালতে সাক্ষ্য দেওয়ার সময় জানান, তিনি ফ্লোরিডার পাম বিচে এপস্টেইনের সেই বিতর্কিত বাড়িতে মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন। তবে তাঁর সাক্ষ্যে জ্যাকসনের বিরুদ্ধে কোনো নেতিবাচক ইঙ্গিত ছিল না। জোহানা স্পষ্ট করেছেন যে, জ্যাকসন সেখানে উপস্থিত থাকলেও কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।
বিচার বিভাগের ছবি ও অন্যান্য তারকা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু ছবি প্রকাশ করেছে। একটি ছবিতে পপসম্রাট মাইকেল জ্যাকসনকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও গায়িকা ডায়ানা রসের সঙ্গে পোজ দিতে দেখা গেছে। তবে ছবিটির অন্য কয়েকজনের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।
জ্যাকসন ছাড়াও মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার ও সংগীতশিল্পী মিক জ্যাগারকেও এপস্টেইনের সঙ্গে তোলা ছবিতে দেখা গেছে। ক্রিস ট্যাকারকে একটি ছবিতে বিল ক্লিনটনের পাশে এবং অন্য একটিতে এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের সঙ্গে বিমানের রানওয়েতে দেখা যায়।
এখন পর্যন্ত পাওয়া তথ্য ও আদালতের নথি অনুযায়ী, এপস্টেইনের বাড়িতে উপস্থিত থাকলেও মাইকেল জ্যাকসন কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
(বিবিসি, দ্য আইরিশ টাইমস ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে)


















