মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বস্তিটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এবং মিডিয়া উইং সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে আগুন লাগার খবর পাওয়ার পরপরই তিনটি ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এর মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহায়তা করার চেষ্টা করছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতি ও সূত্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


















