সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাংলাদেশী। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। আমরা সবাই সমান। আমাদের ধর্ম যার যার বাংলাদেশ সবার।’
শুক্রবার দুপুরে বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ী আনন্দ ভবনে শারদীয় দূর্গাপূজা পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী। এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। এই পরিচয় নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম , পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরি হাবু, সাধারণ সম্পাদক সুজিত ঘোষ।

















