কপ-৩১ সম্মেলন: যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা ভুলে বৈশ্বিক সংহতির ডাক বিশ্বনেতাদের

যুদ্ধ ও সংঘাতের কারণে পরিবেশের অপূরণীয় ক্ষতি, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ঘাটতি এবং ক্রমবর্ধমান অস্ত্র প্রতিযোগিতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্বনেতারা। তারা এই মরণখেলা পরিহার করে বৈশ্বিক সংহতির ডাক দিয়েছেন।
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ‘লিডার্স সামিটে’ বুধবার বিশ্বনেতাদের বক্তব্যে এসব বিষয় উঠে আসে। ‘টেকসই, সহনশীল ও ন্যায়সংগত ভবিষ্যতের পথে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই শীর্ষ সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক সংহতির ওপর জোর দেন।
সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, বৈশ্বিক এজেন্ডা থেকে জলবায়ু পরিবর্তনের বিষয়টি ক্রমশ পেছনে পড়ে যাচ্ছে।
উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা এখন ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার চেয়ে অস্ত্র ও শুল্ক নিয়ে বেশি কথা বলছি। আধিপত্য বিস্তারের লড়াইয়ের কাছে এই পৃথিবীকে জিম্মি হতে দেওয়া যায় না।’
আয়োজক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, চলমান যুদ্ধ, সংকট, অভিবাসন, দুর্ভিক্ষ ও দারিদ্র্যের কারণে প্রতিদিনই আন্তর্জাতিক সংহতির প্রয়োজনীয়তা আরও তীব্র হচ্ছে।
সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি সংকটের কারণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার যে অঙ্গীকার করা হয়েছিল, বিশ্ব তা অতিক্রম করার পথে রয়েছে।
এদিকে, বিশ্বের অন্যতম শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয়বারের মতো এই জলবায়ু সম্মেলনে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি পাঠায়নি। পাশাপাশি জি-৭ ভুক্ত দেশ ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি ও কানাডার শীর্ষ নেতারাও এবারের সম্মেলনে অনুপস্থিত রয়েছেন। তবে বড় অর্থনীতির দেশগুলোর অনুপস্থিতি সত্ত্বেও জলবায়ু তহবিল গঠন এবং পূর্ববর্তী প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন সম্মেলনে উপস্থিত নেতারা।
গত ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের এই জলবায়ু সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।


















