সার্জেন্ট পলাশের সহায়তায় পরিবারের কাছে ফিরছে অপহৃত দুই শিশু

বগুড়া থেকে অপহরেণর শিকার দুই শিশু রিয়ান (১১) ও রনিকে (১৩) কলাবাগান থানার উপপরিদর্শক জিহানের জিম্মায় দিয়েছেন ডিএমপির তেজগাঁও জোনের সার্জেন্ট পলাশ কুমরা রায়। শুক্রবার দুপুর ১২.৩০ টার দিকে রাজধানীর কাওরানবাজারের সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্ব পালনকালে রাস্তায় ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত শিশু দুটিকে দেখতে পান সার্জেন্ট পলাশ।
পলাশ জানান, রাস্তায় শিশু দুটিকে দেখে তাদের পরিচয় জানার চেষ্টা করেন তিনি। এসময় শিশু দুটি কাঁদতে কাঁদতে জানায়, গত পয়লা অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে রওনা হওয়ার পর রাস্তা থেকে তাদেরকে চোখ বেঁধে অজ্ঞাতনামা কেউ তুলে নিয়ে আসে। এরপর ঢাকায় এনে একটি গোডাউনে আটকে রাখে। পরে তারা সেখান থেকে কৌশলে পালিয়ে আসে।

সার্জেন্ট পলাশ আরও জানান, দুই শিশুর মধ্যে একজন রিয়ান তার বাবার মুঠোফোন নম্বর জানায়। এরপর তিনি মুঠোফোনে রিয়ানের বাবা আশাদুজ্জামান নূর রাসেলের সাথে কথা বলেন। রাসেল জানান, তাদের বাড়ি বগুড়া সদর উপজেলার রামশহর পূর্বপাড়া গ্রামে। পরে রাজধানীতে কর্মরত রিয়ানের মামার সাথেও কথা বলেন সার্জেন্ট পলাশ।
ভু্ক্তভোগীদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়ার পর সার্জেন্ট পলাশ তাদেরকে কলাবাগান থানা পুলিশের উপপরিদর্শক জিহানের জিম্মায় দেন।
রিয়ানের বাবা আশাদুজ্জামান নূর রাসেল জানান, গত পয়লা অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে রামশহর পূর্বপাড়া থেকে তার ছেলে রিয়ান ও রিয়ানের বন্ধু রনী নিখোঁজ হয়। এরপর তাদেরকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
এরপর পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ছাত্তার প্রামানিক ও আরমান নামের দুই ব্যক্তি রিয়ান ও রনীতে অপহরণ করে থাকতে পারে বলে সন্দেহ হলে এ বিষয়ে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন রিয়ানে বাবা।







