মতপার্থক্য ভুলে মুসলিম দেশগুলোকে ঐক্য গড়ার আহ্বান পেজেশকিয়ানের

কোনও মুসলিম দেশের ভূখণ্ড অন্য একটি মুসলিম দেশে হামলার জন্য ব্যবহার হতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বৃহস্পতিবার তেহরানে আয়োজিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে তিনি একথা বলেছেন। পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর পারস্পরিক মতপার্থক্য ভুলে ঐক্য গড়ার আহ্বান জানান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর ভূমি ব্যবহার করে ইরানে হামলা চালানোর বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘কোনও মুসলিম দেশের উচিত নয় তার প্রতিবেশীকে অনিরাপদ করে নিজের নিরাপত্তা জোরদার করা। কোনও মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য কোনও মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া না হয়।’
ভাষণে ইরান দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের প্রতিরক্ষা কীভাবে করতে হয় তা খুব ভালো করেই জানে বলে উল্লেখ করেন পেজেশকিয়ান। বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে ইরান শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।’
ইরান পশ্চিম এশিয়ায় কোনও যুদ্ধ শুরু করেনি, তবে যে কোনও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছে বলে মন্তব্য করে তিনি। যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শক্তি ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, বলেন পেজেশকিয়ান।
তিনি আরও বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য দূর করতে কূটনৈতিক প্রচেষ্টা চলাকালেই ইরানের ওপর সামরিক হামলা শুরু হয়েছিল। এতে ইরানের কমান্ডার, কর্মকর্তা, বিজ্ঞানী, শিক্ষার্থী ও বেসামরিক নাগরিক নিহত হয়। এছাড়াও শহর ও অবকাঠামোগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সম্মেলনে ইরাক, পাকিস্তান, তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ ৪০টি দেশের প্রায় ৬০০ দেশি-বিদেশি অতিথি অংশ নিচ্ছেন। সম্মেলন রোববার পর্যন্ত চলবে।











